লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা সাবু

লক্ষ্মীপুরসহ ৪২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। লক্ষ্মীপুরে বিএনপি নেতা সাহাব উদ্দিন সাবুকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়৷
রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় সাহাব উদ্দিন সাবু তার ফেসবুকে পেইজে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাবু জেলা বিএনপির সদস্য সচিব ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র। তিনি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকার বাসিন্দা। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগো দল থেকেই তার রাজনীতির শুরু। তিনি বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর মহকুমা ছাত্রদলের সভাপতি ছিলেন।
লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, সাহাব উদ্দিন সাবু মৃত্যুঞ্জয়ী নেতা। জাগোদল থেকে শুরু করে তিনি বিএনপির রাজনীতিতে এখনো নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আওয়ামী সরকারের আমলে একাধিকবার তাকে জেলখাটতে হয়েছে। ২০১৩ সালের ১২ ডিসেম্বর র্যাব বাসায় ঢুকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামে এলাকায় নেতাকর্মীদের পাশে থেকে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।
