মার্চ ১২, ২০২৬

‎লক্ষ্মীপুরে ৮ বছর পর প্রাপ্য টাকা পেলেন পৌর কর্মীরা

0
1773334767659

দীর্ঘ প্রায় আট বছর অপেক্ষার পর অবশেষে বকেয়া ভবিষ্য তহবিলের (পিএফ) টাকা হাতে পেয়েছেন পৌরসভার ১২২ জন কর্মকর্তা–কর্মচারী। আজ আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে ১ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার ২৫১ টাকা বিতরণ করা হয়।

‎পৌরসভা সূত্রে জানা যায়, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে কর্মকর্তা–কর্মচারীদের বেতন থেকে ভবিষ্য তহবিলের নির্ধারিত অংশ নিয়মিত কেটে রাখা হলেও সেই অর্থ সংশ্লিষ্টদের ব্যক্তিগত হিসাবে জমা না দিয়ে পৌরসভার সাধারণ তহবিলের সঙ্গে ব্যয় করা হয়। এতে দীর্ঘদিন ধরে তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিলেন।

‎পরবর্তীতে বিষয়টি সামনে এলে বর্তমান পৌর প্রশাসন বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেয়। পৌরসভার আর্থিক সক্ষমতা তৈরি হওয়ার পর আজ সেই বকেয়া অর্থ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।

‎এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২২ জন কর্মকর্তা–কর্মচারীর হাতে তাদের প্রাপ্য অর্থের চেক ও এডভাইস তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন জুয়েলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরা।

‎অনুষ্ঠানে পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কর্মকর্তা–কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ধাপে ধাপে আর্থিক ব্যবস্থাপনা জোরদার করা হয় এবং অবশেষে তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করা সম্ভব হয়েছে।

‎জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, কর্মকর্তা–কর্মচারীদের ন্যায্য পাওনা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এ উদ্যোগ কর্মপরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সেবার মান আরও বাড়াতে সহায়ক হবে।

‎সংশ্লিষ্টরা আশা করছেন, দীর্ঘদিনের এই বকেয়া পরিশোধের মাধ্যমে কর্মকর্তা–কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং তারা আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে পৌরবাসীর সেবা প্রদানে কাজ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *