অভিযুক্তদের নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে জমি বিরোধে শিশু হত্যার ঘটনা সুষ্ঠু তদন্ত দাবি

লক্ষ্মীপুরের রায়পুরে দেড় বছর বয়সী শিশু কানিজ ফাতেমা হত্যাকাণ্ডের ঘটনাটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে অভিযুক্তদের পরিবার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান গ্রেপ্তারকৃত তোফায়েলের মেয়ে লাকি বেগম।
লাকি পাল্টা অভিযোগ করেন, জমি সংক্রান্ত পুরনো বিরোধের জেরে শিশু হত্যার ঘটনায় তাদের পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
লিখিত বক্তব্যে লাকি বেগম জানান, গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে চরমোহনা গ্রামের কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিনের কন্যা কানিজ ফাতেমা নিখোঁজ হয়। ওই দিন বিকালেই পুলিশ সন্দেহভাজন হিসেবে তোফায়েল আহমেদকে (৬০) আটক করে, পরে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখায়। পরদিন শুক্রবার তার মা ফিরোজা বেগম (৫০) ও ভাবি নিশু আক্তারকেও (২৫) একই মামলায় গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, নিখোঁজের পর পুলিশসহ বেশ কয়েকবার ওই সেফটিক ট্যাংকে তল্লাশি চালিয়ে তখন কিছুই পাওয়া যায়নি। কিন্তু শনিবার সন্ধ্যায় শিশুর দাদি কোহিনুর বেগম একজন মেথর ডেকে ওই ট্যাংকি থেকে মরদেহ উদ্ধার করান।
তিনি এও জানিয়েছেন, দীর্ঘ ১০-১২ বছর পূর্বে জমি নিয়ে বিরোধের জেরে শিশুর দাদি কহিনুর তার নিজের ঘরে আগুন দিয়ে মামলায় জড়ান। গত কয়েক মাস আগ থেকে কহিনুর হুমকি দিয়ে আসছে, তাদেরকে মামলা ফাঁসানোর। তাই ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে দাবি তার।
উল্লেখ্য, নিখোঁজের ৪৮ ঘণ্টা পর শনিবার রাত ৯টার দিকে তোফায়েল আহমেদের বাড়ির শৌচাগারের সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং গ্রেপ্তারকৃতরা জেল হাজতে রয়েছে।
